রাখাইন রাজ্যে মিয়ানমার বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আজ  শনিবার সকাল ৮টা ২০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের দুই নাগরিক ওই হাসপাতালে এসে ভর্তি হন।

এর ঘণ্টা তিনেক পর বেলা সোয়া ১১টার দিকে একজন মারা যান বলে পুলিশ জানায়।

নিহত মো. মুসা (২২) রাখাইনের মংডু এলাকার মো. ইসমাইলের ছেলে। আহত মো. মোক্তার হোসেনের (২৭) বাড়িও মংডু এলাকায়। তার বাবার নাম গুল মোহাম্মদ।

পুলিশ জানায়, মংডুর লাইনমাখালি পুলিশ ফাঁড়ির সামনে হামলা চলাকালীন তারা গুলিবিদ্ধ হন। পরে পালিয়ে শুক্রবার রাতে কক্সবাজার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। সেখান থেকে সকালে চট্টগ্রাম মেডিকেলে আসেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্টে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৭৭ রোহিঙ্গা বিদ্রোহী নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যও নিহত হন। নিহত বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে।

রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান এক সময় স্বাধীন রাজ্য থাকলেও অষ্টাদশ শতকের শেষভাবে বার্মার রাজা ওই এলাকা দখল করে নেন। আরাকানে জাতিগত বিভেদ তখন থেকেই।

এমবি