সিলেটে জামায়াত শিবিরের নিয়ন্ত্রিত একটি ছাপাখানা সিলগালা করেছে পুলিশ। এসময় ছাপাখানা থেকে রাষ্ট্রবিরোধী লিফলেট, পোস্টার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার আল মারজান মার্কেটে তৃতীয় তলায় স্টার সিলেট অফসেট প্রেসে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রেসের ভেতর থেকে জব্ধ করা হয় জামায়াত-শিবিরের বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার। আটকরা হলেন- সাঈদ বকস, সালমান, সুহেল আহমদ, মিসবাহ-উল করিম ও মনোয়ার হোসেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক লিফলেট, পোস্টার, জিহাদি বই ছাপাখানা থেকে জব্ধ করে।
সোহেল আহমদ বলেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে ‘শহীদ’ আখ্যা দিয়ে দিয়ে তাকে ‘নির্মমভাবে হত্যা করেছে’ লেখা লিফলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে বেশকিছু লিফলেট জব্দ করা ছাড়াও ছাপাখানাটি সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।
এসএম





