পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয়া নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির দলীয় কার্যালয় শহরের কেডির মোড়ে এই ঘটনা ঘটে।
বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জানান, বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল বিএনপির পার্টি অফিসে এসে একত্রিত হয়। পরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মিছিল বের করতে নিষেধ করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমনটা করা হয়। কয়েকজন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।
এমবি





