জামালপুরে নজরুল ইসলাম (৪৫) নামে এক সিএনজিচালক খুনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা জামালপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কপথ দুই ঘণ্টা অবরোধ করে রাখে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, নিহতের পরিবারের স্বজনরা রাত ১১টার দিকে মহাসড়ক সংলগ্ন বাড়ির পার্শ্বে নজরুলের লাশ পড়ে থাকতে দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে। এরপর বিক্ষুব্ধ লোকজন জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, এঘটনায় রাতেই একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেএ