ভারতীয় নাগরিক পম্পা রাণী (২০) অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে ৬ মাস কারাভোগের পর দর্শনা সীমান্তে বিজিবির মাধ্যমে বিএসএফ’র নিকট হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া পুলিশের একটি বিশেষ টিম দর্শনা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে।

গত ৭ জুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের খেজু মালিথার ছেলে আমজাদ আলীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার শিকারপুর কুঠিপাড়ার অসিত কুমারের মেয়ে পম্পা রাণীর মধ্যে প্রেমের সম্পর্কের গড়ে উঠে।

এর কিছুদিন পর ভারতের শিকারপুর দেবনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পম্পা রাণী নদীতে গোসল করতে এসে নদীর ওপার ভারতের ভূখন্ড থেকে বাংলাদেশে চলে আসে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ এবং পাসপোর্ট আইনে পম্পা রাণীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মুখলেছুর রহমান বলেন, সোমবার সকালে কুষ্টিয়া পুলিশের একটি বিশেষ টিম কারাগারের গেট থেকে তাকে নিয়ে দর্শনা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

এসএইচ