কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আওয়ামী লীগ নেতারা জানান, রাত পৌনে ১১টার দিকে কয়েকজন দৃর্বৃত্ত হঠাৎ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ারে আগুন দেয় এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
বিকট শব্দে বাজারের নৈশ প্রহরীসহ অন্যান্যরা আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আরও ৪টি ককটেল ও ৪টি পেট্রলবোমা সদৃশ বস্তু ফেলে পালিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশের এলাকায় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন গণমাধ্যমকে জানান, ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হবে, তাই বিএনপি-জামায়াত চক্র আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪টি ককটেল ও ৪টি পেট্রলবোমা সদৃশ বস্তু উদ্ধার করে। বোমা বিশেষজ্ঞ দল আসার পরই নিশ্চিত হওয়া যাবে উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃত ককটেল ও পেট্রলবোমা কিনা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
জেড





