গাজীপুরের নগরপিতার আসনে বসতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪১৬টি কেন্দ্রে তিনি ২ লাখ ০২ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের চেয়ে এগিয়ে ছিলেন।

আজ (বুধবার) সকালে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মোট কেন্দ্র ছিল ৪২৫টি। ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ছিল।

বাকি ৪১৬টি কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। ৪১৬ কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট।  

তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট পেয়েছেন।

এর আগে ২০১৩ সালের ৬ জুলাই অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির অধ্যাপক এমএ মান্নান।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪২৫টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হয়। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিভিন্ন অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

এ সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৩৬ জন। এর মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে আশা করছেন রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী হলেও মূল লড়াই হয় নৌকা ও ধানের শীষ প্রতীকে। 

এদিকে গত রাত ২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল ২০৫ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করেন। তখন পর্যন্ত জাহাঙ্গীর আলম ১ লাখ ৮০ হাজার ৯৩৪ ভোট এবং হাসান উদ্দিন সরকার ৯৯ হাজার ৪৭৮ ভোট পেয়েছেন।  

এছাড়া, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাকি ৫ প্রার্থীর মধ্যে ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার) পেয়েছেন ৭৫৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ১৩৮৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি) পেয়েছেন ১২০২, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) পেয়েছেন ৩৮১ এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) পেয়েছেন ৮৫৬ ভোট পেয়েছেন। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি বলেন, আমি শিশু থেকে বৃদ্ধ সবার কথা মাথায় রেখে এ নগরীকে গড়ে তুলব। আশা করি, গাজীপুরসহ দেশবাসী আমাকে সহযোগিতা করবেন।

মঙ্গলবার (২৬ জুন) রাত পৌনে ১টায় বিজয়ের প্রাক্কালে প্রতিক্রিয়ায় গাজীপুরের নিজ বাসায় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি গাজীপুরবাসী

গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ (মঙ্গলবার) নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের হাসান সরকার এ কথা বলেন।

বিএনপি মেয়র প্রার্থী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪’শর অধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগের স্বরূপ উন্মোচন করার জন্যই বিএনপি নির্বাচন বয়কট করেনি বলে জানান হাসান সরকার।  

হাসান সরকার অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোট গ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এমন ভোট ইতোপূর্বে গাজীপুরবাসী দেখেনি। এমন নির্বাচনের মাধ্যমে কমিশনকে ধ্বংস করে দেয়া হয়েছে।  

গাজীপুরে ৯ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত 

গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।নির্বাচনে জালভোট ও ব্যালট পেপার ছিনতাই’সহ নানা অনিয়মের অভিযোগে  ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ৯টি কেন্দ্রের ভোট স্থগিতের কারণ হিসাবে উল্লেখ করেছেন, দুষ্কৃতিকারী কর্তৃক ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট বাক্সে জোর করায় ৯টি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরই পরিপ্রেক্ষিতে ৯টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।  

কেন্দ্রগুলো হলো- ১৫নং ওয়ার্ডের ভোগড়া বাজার সংলগ্ন ভোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১,মূল ভবন), ২৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা (দ্বোতলা পশ্চিম ভবন), ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া হাজী আ. লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১) ও কুনিয়া হাজী আ. লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-২), ৪২ নং ওয়ার্ডের পূবাইলের বিন্দান সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪৮ নং ওয়ার্ডের টঙ্গীর জাহান পাবলিক দত্তপাড়া (পুরুষ কেন্দ্র), ৫১ নং ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১ (পুরুষ কেন্দ্র) ও খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২ (পুরুষ কেন্দ্র) এবং ৫৩ নং ওয়ার্ডের টঙ্গীর হাজী পিয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ কেন্দ্র)।

কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ইসির সঙ্গে পরামর্শ করে বিধিমোতাবেক ভোট গ্রহণ স্থগিত করে রিটার্নিং অফিসারের কাছে তালিকা পাঠিয়েছেন। স্থগিত হওয়া ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো-২৩ হাজার ৯৩৫জন। 

এমবি