বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সদস্যদের প্রশ্ন করার সুযোগ নিয়ে আলোচনার একপর্যায়ে পুরনো দিনের স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার বলেন, অতীতে সংসদ সদস্যরা প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে নিজেদের অগ্রাধিকার ও সিরিয়াল নিশ্চিত করতে আগেভাগেই সংশ্লিষ্ট অফিসের সামনে অবস্থান করতেন।

স্পিকার বলেন, ‘আমার পরিষ্কার মনে আছে, অতীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিছানাপত্র নিয়ে আগের রাতেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে পজিশন নিতেন।’

তিনি আরও বলেন, আরও কয়েকজন সংসদ সদস্য আগের রাতেই সেখানে অবস্থান করতেন। অনেক সদস্য আবার নিজেদের প্রাইভেট সেক্রেটারিকেও সেখানে পাঠাতেন।

স্পিকারের ভাষ্য অনুযায়ী, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যরা আগে থেকেই এসে নিজেদের অগ্রাধিকার বা সিরিয়াল নিশ্চিত করার চেষ্টা করতেন।

দীর্ঘদিনের এই রীতি ও নিয়মের কথা উল্লেখ করে বিরোধী দলের সদস্যদেরও আগেভাগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন স্পিকার।

একই সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগের বিষয়টি ভবিষ্যতে যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন তিনি।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের সদস্যদের প্রশ্ন করার সুযোগ কম পাওয়ার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নই এবার সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকে এসেছে।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নের একটিও বিরোধী দলের সদস্যদের ছিল না।

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সংসদে জবাবদিহিতার সংস্কৃতি তত বেশি শক্তিশালী হবে।

ভবিষ্যতে বিরোধী দলের প্রশ্নের সুযোগের বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এস