টাঙ্গাইলের মধুপুর উপজেলার আশুরা-রক্তিপাড়ায় ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৮ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এরা সবাই টেম্পুর যাত্রী বলে জানা গেছে।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুপুরে ওই এলাকায় ঢাকা থেকে মধুপুরগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি টেম্পুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো ৭ জন মারা যান।

এসময় আহত হন আরো ৪ জন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেএ/এসএইচ