রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার, বেলপুকুর ও শিবপুর এলাকায় সোমবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আহমেদ সোমবার রাতে এ আদেশ দিয়েছেন।

রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবির এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ঘে এক বিএনপি নেতা নিহত হওয়ার পর সহিংসতা এড়াতে ওই তিন এলাকায় সব ধরনের সভা সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান তিনি।

আলমগীর কবির আরও বলেন, ওই সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুঠিয়ায় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নিহত বিএনপি নেতার নাম মজির উদ্দিন (৪৫)। ওই সংঘর্ষে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদসহ অর্ধশতাধিক বিএনপি জামায়াত নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী মোমেনুল ইসলাম (৩০) ও তুহিন (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মজির হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফা। এর পর থেকেই বানেশ্বর বাজার ও এর আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর এরই পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেডআই