বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) আব্দুল মতিনকে মারধরের অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন বান্দ রোডে পুলিশ কর্মকর্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। আহত এটিএসআই মতিনকে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরে পুলিশের ওপর হামলার অভিযোগে আটককৃতরা হলেন, নগরীর অমৃত লাল দে কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র রেদোয়ানুল ইসলাম রিফাত ও আমির হোসেন খান এবং সিটি কলেজের দ্বাদশ শ্রেণির মারকিনুল ইসলাম মারুফ।
এদের মধ্যে আমির ও মারুফ নগরীর কাটপট্টি রোডের এবং রিফাতর নগরীর কাউনিয়া জানু কি সিংহ রোড এলাকার বাসিন্দা। তারা তিনজনই পদবীবিহীন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে সাংবাদিকদের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) ফরহাদ সরদার জানান, এটিএসআই আব্দুল মতিন সন্ধ্যার আগে মোটরসাইকেলযোগে বান্দ রোড হয়ে গন্তব্যে যাচ্ছিলো। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা অতিক্রমকালে পাশের আরেকটি মোটরসাইকেলের সাথে অনাকাঙ্খিতভাবে ধাক্কা লাগলে দুটি মোটরসাইকেলই দুর্ঘটনাকবলিত হয়।
এ সময় অপর মোটরসাইকেলের আরোহী তিন তরুণ এটিএসআই আব্দুল মতিনকে প্রকাশ্য রাস্তায় বেদম মারধর করে। পরে টহল পুলিশ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সহকারী কমিশনার ফরহাদ সরদার।
এমএনজে





