নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দলীয় চেয়ারম্যান পদে এক প্রার্থী মনোনয়নপত্র দেয়ার পাঁয়তারা করার অভিযোগে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ২৮৬ সদস্য পদত্যাগ করেছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও জেলা বিএনপি নেতা কর্মীদের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বলে নিশ্চিত করেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

পদত্যাগের মধ্যে কমিটির অন্যান্যেরা হলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আমজাদ হোসন নিপুসহ ১১ জন। বাকিরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সদস্য।

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, তিনি তাদের এলাকার সাধারণ মানুষদের সাথে এবং দলের সাথে ২৬ বছর থেকে যুক্ত আছেন।

চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে তাদের ইউনিয়ন থেকে আগামী চেয়ারম্যান পদে ভোটে অংশগ্রহণ করার জন্যে দল থেকে মনোনয়নপত্র চান। কিন্তু উপজেলা বিএনপি নেতাকর্মী বিভিন্ন কলা কৌলশের মাধ্যমে তাদের আর্শীবাদ পুষ্ট নেতাকর্মীদের মনোনয়নপত্র দেয়ার পায়তারা করছেন। এমন ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি।

এতে ইউনিয়নের নেতাকর্মীদের দাবির মুখে আলোচনা শেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তিনিসহ ২৮৬ জনের স্বাক্ষরিত পদত্যাগপত্র উপজেলা ও জেলা বিএনপি’র নেতাকর্তীদের কাছে জমা দেয়া হয়েছে।

আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।

দলীয় নীতিমালার মধ্যে যিনি পাবেন তাকেই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দেয়া হবে। এ ছাড়াও তিনি তাদের পদত্যাগপত্র পাননি বলে জানান।

ওএফ