গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের ছবি তুলতে গেলে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।
জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন শেখের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনের রাস্তায় গেলে পুলিশ বাধা দেয়।
পরে পুলিশি বাধা উপেক্ষা করে শহীদ মিনার চত্বরের সামনে গেলে ছাত্রলীগের অপর অংশের নেতাকর্মীরা হামলা চালায়। এতে সংঘর্ষ বেধে গেলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এ ঘটনার ছবি তুলতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক প্রসূন মণ্ডলকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





