সিলেটের পশ্চিম শেখঘাটে একটি বাসার সীমানা প্রাচীর ভেঙে আবদুল কাদির জিলানী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

নিহত জিলানী সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাখর গ্রামের মৃত শাবাজ তালুকদারের ছেলে। তিনি নগরীর মজুমদারপাড়ার মতিন মিয়ার কলোনিতে বসবাস করতেন। নগরীর পশ্চিম শেখঘাটে বুধবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নেত্রকোণা জেলার মদন থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়া, তার ছেলে টিটু মিয়া ও একই জেলার চিতলা গ্রামের দিদু মিয়ার ছেলে আবদুল মুক্তাদির।

সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল থেকেই রহমান ভিলার সীমানা প্রাচীরঘেঁষা একটি ড্রেনের সংস্কার কাজ চলছিল। দুপুর দেড়টায় হঠাৎ করে ওই বাসার সীমানা প্রাচীর ভেঙে শ্রমিকদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই আবদুল কাদির জিলানী মারা যান। অন্য ৩ জন আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ