ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজি মো. সেলিম, সাঈদ খোকন, মাহমুদুর রহমান মান্না ও সারাহ বেগম কবরী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদের জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম এবং সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুই পদপ্রার্থীর ব্যক্তিগত সহকারী এ খবর নিশ্চিত করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় (মহানগর নাট্যমঞ্চ) থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সাঈদ খোকন এবং বেলা সোয়া একটার দিকে হাজি সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র কেনার সময় হাজি সেলিমের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। যাঁরা আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।’ এ সময় তাঁর ঋণখেলাপের বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ‘আমি ঋণখেলাপি নই। কখনই ঋণখেলাপি ছিলাম না। যেগুলো দায়-দেনা ছিল, সেগুলো পরিশোধ করা হয়েছে।’
মনোনয়নপত্র কিনলেন মান্না ও কবরী
সাঈদ খোকনের বিরুদ্ধে জানতে চাইলে হাজি সেলিম বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারেন। সেই বক্তব্যের দায়িত্ব তাঁর। তবে কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ বেগম কবরী আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছেন। বেলা ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাঁদের পক্ষ থেকে দুই ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র কেনেন আতিকুর রহমান। কবরীর পক্ষে শহিদুল ইসলাম মনোনয়নপত্র কেনেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তরে গতকাল সোমবার মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সব মিলিয়ে উত্তর সিটি থেকে এ পর্যন্ত মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২৬৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর দক্ষিণে মেয়র পদে নয়জন, কাউন্সিলর পদে ৫২৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল পর্যন্ত।
জেআই





