জামালপুর-ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৬ জানুয়ারি) রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একগুচ্ছ উন্নয়ন কাজের সঙ্গে নতুন এই ট্রেনটি বাঁশিতে ফু দিয়ে পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে অন্য উন্নয়ন কাজের সঙ্গে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জামালপুর এক্সপ্রেস’ ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১০টায়, জামালপুর পৌঁছাবে বিকাল ৪টা ৫ মিনিটে। এই এক্সপ্রেসটি জামালপুর থেকে ছাড়বে বিকেল ৫টা ৪৫ মিনিটে এবং তা ঢাকা এসে পৌঁছাবে রাত সাড়ে ১১টায়।
ট্রেনের বিরতি স্টেশনের নাম সমূহ- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, এ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি ও সরিষাবাড়ি।
জামালপুর এক্সপ্রেস ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টিসহ সর্বমোট ৬২০ টি আসনের ব্যবস্থা থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হবে রবিবার।
অন্যদিকে, ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সেবা ‘রাজবাড়ি এক্সপ্রেস’ নামে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত এবং পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে পাবনা জেলার ঢালারচর পর্যন্ত বর্ধিত করা হচ্ছে।
এছাড়াও চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলরত ‘উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের রেক নতুন আমদানীকৃত কোচ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।
এমবি





