গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা যায়, রাতে সদর উপজেলার মেঘলাল এলাকায় শফিক উদ্দিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ডাকাতরা জমিলা নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ওই নারী আহত হন।

পরে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে পাশের গ্রাম যোগীতলা ব্রিজের পাশে পা পিছলে এক ডাকাত পড়ে যায়। এ সময় তাকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ