ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
তাঁর প্রাপ্ত ভোট ৮ লাখ ৪৯ হাজার ৩০২। আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
১২৯৫ কেন্দ্রের সবগুলোরই মেয়র পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, সারাদিনে মোট ৩১ দশমিক ০৫ শতাংশ ভোট পড়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এইসব তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
আজই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট নেওয়া হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি উত্তর ও দক্ষিণে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডেও ভোট গ্রহণ হয়। এছাড়া দুই সিটির ১২টি সংরক্ষিত নারী আসনেও আজ ভোট নেওয়া হয়েছে।
ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, বাঘ প্রতীক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রহিমের প্রতীক টেবিল ঘড়ি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এই নির্বাচনে মোট ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদপ্রার্থী ছাড়া উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে ইতোমধ্যে উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২১ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমবি





