পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরুর জন্য ৩০ নভেম্বরের মধ্যে দু'দেশের প্রতিনিধিদের নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার জন্য মিয়ানমার সফরে প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল জানান, সফরে রাখাইন রাজ্যের পরিস্থিতি ও রোহিঙ্গাদের বিষয়ে কফি আনান কমিশনের সুপারিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা দাবি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন তিনি। বিষয়গুলো পর্যায়ক্রমে প্রক্রিয়ার ভেতর দিয়ে চূড়ান্ত করা হবে বলে মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার আমার কাছে সন্ত্রাসীদের একটা তালিকা দিয়েছে। তাদের দাবি ওই সন্ত্রাসীরা বাংলাদেশে আছে। তালিকায় পূর্নাঙ্গ নাম-ঠিকানা নেই। আমরা তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দিতে বলেছি।
এছাড়া সীমান্ত মাইন পুঁতে রাখা, মিয়ানমার সেনাবাহিনীর সীমান্তের জিরো লাইন অতিক্রম করাসহ বেশকিছু বিষয় তুলে ধরে এক্ষেত্রে তাদের আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য আহ্বান জানাননো হয়েছে বলে জানান কামাল।
গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার সফরে যায়। বুধবার দলটি দেশে ফিরে আসে।
এমএ





