পাবনা-২ আসনের (বেড়া ও সুজানগর) সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর মোবাইল ফোন খোয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে তার বাড়ির হলরুমে এ চুরির ঘটনা ঘটে। এদিকে খোয়া যাওয়া মোবাইল ফোনের খোঁজে পুলিশের পাশাপাশি স্থানীয় শতশত নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যান্য দিনের মতই বৃহস্পতিবার সকালে এমপি তার গ্রামের বাড়ি বেড়া উপজেলার নাটিয়াবাড়ি নিজ বৈঠকখানায় এলাকার মানুষের সাথে কথা বলছিলেন। এসময় তার দলীয় নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিল। এমপির ব্যবহৃত মোবাইল ফোনটি তার পেছনে চার্জে দেওয়া ছিল। সেখানে উপস্থিত তুহিন নামের একজন পেছন থেকে মোবাইল ফোনটি নিয়ে সটকে পড়ে। নিচে যাবার সময় কয়েকজন তাকে ফোন হাতে দেখে ধাওয়া করে। তবে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তুহিন পার্শ্ববর্তী মরিচপুরান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও কাশীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী।

এ ঘটনার পর বিষয়টি আমিনপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ মোবাইল উদ্ধারে তুহিনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি। স্থানীয় শতশত নেতাকর্মীও তাকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় টক অব দ্য টাউনের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে।

এদিকে এ ঘটনা নিয়ে তুহিনের বাবা জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, চোরকে ধরার চেষ্টা চলছে। শিগগিরই তাকে মোবাইলসহ গ্রেপ্তার করা হবে।

এমই