চীন ফেরত এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রমেক হাসপাতালে ভর্তির পরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

চীন ফেরত ওই শিক্ষার্থীর নাম তাশদীদ হোসেন (২৫)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. মোকাদ্দেম হোসেন জানান, গত ২৯ জানুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন তাশদীদ হোসেন। বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি নীলফামারীর ডোমারের বাড়িতে যান।

হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।

ডা. মোকাদ্দেম আরও জানান, তাশদীদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত কি-না চিকিৎসকরা এখনও নিশ্চিত নন। এখানে করোনাভাইরাস পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় বিষয়টি জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) জানানো হয়েছে।

এমবি