চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেল লাইন মেরামতের সময় পরীক্ষামূলকভাবে চালানো ট্রেনের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ৫ জন।

মঙ্গলবার দুপুরে ঘোষের বাথান এলাকায় রেল লাইন মেরামতের একটি ট্রলিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের মসিউর রহমান (৪০) ও ইনসাদ আলী (২০)।

আহতরা হলেন ভুটু (৩৫), রাসেল (২৫), শিমুল (২০), তৌফিক (২০) ও জিল্লুর (২৫)। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রামে। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, বেলা সোয়া ১টার দিকে আমনুরা জংশন থেকে চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানো হয়। এ সময় ঘোষের বাথান এলাকায় রেল লাইন মেরামতের একটি ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিতে থাকা মসিউর ও ইনসাদ মারা যান।

রেলওয়ে নিরাপত্তা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ