ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ১ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৯ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।
করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ গফরগাঁও উপজেলার জুলেখা (৪০)। এছাড়াও ময়মনসিংহ সদরের খোদে নেওয়াজ (৬০), গৌরীপুর উপজেলার রাশিদা খাতুন (৬৫) ও জামালপুর সদরের আলমগীর (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৫টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.১৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৭০ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৪ জন।
এমআর





