রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের উচ্চতর শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ ও এটিকে সময়োপযোগী করার আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৮ পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
পরে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠককালে বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে রাষ্ট্রপতি হামিদ সময়োপযোগী ও বিশ্বমানের পাঠ্যসূচি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি ১৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন শিক্ষক নিয়োগ নীতি প্রণয়নের জন্য ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ইউজিসির চেয়ারম্যান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম, প্রতিবেদনের বিভিন্ন দিকসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি হামিদকে অবহিত করেন।
ইউজিসির চেয়ারম্যান এ সময় রাষ্ট্রপতিকে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অবগত করেন। এই পদ্ধতি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দুর্ভোগ লাঘব করেছে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সহ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য একটি অভিন্ন নিয়োগ নীতি প্রবর্তন করার কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান।
কাজী শহীদুল্লাহ জানান, ইউজিসি একটি মানসম্মত ও সময়োপযোগী গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করবে। এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা চান।
এএস





