রাজধানীর গাবতলীতে আব্দুল গণি মিঠু (৩৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাবতলীর দারাইল বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএনপি উপজেলার তরফসরতাজ গ্রামের মোফাজ্জল হক মণ্ডলের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, স্থানীয়ভাবে তার কোনো শত্রু নেই। তারপরও কেন সন্ত্রাসীরা মিঠুকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি ৮-১০ বছর পূর্বে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ইফতারের পর দারাইল বাজারে নিজের ওষুধের দোকানে বসে ছিলেন মিঠু। রাত ৮টার দিকে একটি মোটর সাইকেলযোগে দুই সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মিঠুকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
একটি গুলি তার বাম চোখ ভেদ করে ডান চোখের কোণা দিয়ে বেরিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কিন্তু সেখানকার চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হলে রাত ১১টার দিকে মিঠুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এআর





