লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি ওমর ফারুককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ায় জিসান বাহিনীর সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। প্রতিবাদে ঢাকা রায়পুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের প্রেরণ করেছে পুলিশ। নিহত ওমর ফারুক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন জানা যায়।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মোস্তফার দোকানে চা পান করছিলেন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক। এ সময় সিএনজিচালিত অটোরিকশা যোগে সাত-আটজনের মুখোশধারী একদল সন্ত্রাসী ঘটনাস্থলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. আরজুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ফারুক হত্যার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী চন্দ্রগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশ করে, প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী বাবলুসহ প্রমুখ।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওমর ফারুকের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
গত বছর ২৩ ডিসেম্বর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের একই স্থানে সন্ত্রাসীরা ওমর ফারুককে ছয় রাউন্ড গুলি করে আহত করে। এর পর তিন মাস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভারতে চিকিৎসা নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস র্নিমূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত সোমবার পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন কালে সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য রাখেন ওমর ফারুক।
কেএইচ





