নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে ভারতীয় নাগরিক ইয়াছিন লস্কারকে (৪৪) আটক করেছে পুলিশ।
অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে বুধবার (১২ জুলাই) আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে ইয়াছিনকে আটক করে পুলিশ। ইয়াছিন ভারতের চব্বিশ পরগনা জেলার গঙ্গাচেরি এলাকার ইমান লস্কারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত তিনদিন যাবত ইয়াছিন লস্কার নড়াইলের কালিয়ার সাতবাড়িয়া গ্রামসহ পাশের এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে জানান।
মঙ্গলবার রাতে ইয়াছিনকে আটক করা হয়। পুলিশ তার কাছ থেকে ভারতের জাতীয় পরিচয়পত্র ছাড়াও প্যানকার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কার্ড জব্দ করেছে।
কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া বলেন, বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ইয়াছিন লস্কারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হুমায়ুন/এমবি





