মেহেরপুরে দূরপাল্লার বাস রয়েল এক্সপ্রেসের ধাক্কায় ইটভাঙা গাড়ির দুই জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার দিনদত্ত ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাসপাড়া এলাকার বদর আলির ছেলে ওয়াসিম (৩০) ও তার দুলাভাই (বোন জামাই) একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাফর আলি (৪২)। এরা দুজনে খোয়াভাঙা মেশিনের মালিক ও শ্রমিক হিসেবে কাজ করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, বরিশাল কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের বাসটি সামনে থেকে আসা ইট ভাঙা গাড়িটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইটভাঙা গাড়িতে থাকা শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। আহতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





