কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর থেকে উসমান গণি (২৮) নামে নিখোঁজ এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে, ভোরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি।
নিহত উসমান গণি উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দুলিয়াকান্দা গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উসমান গণি তার ভাইয়ের সঙ্গে করিমগঞ্জের হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান। ভোরে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে উসমান গণি নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন দুপুর পর্যন্ত খোঁজাখোজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেল ৩টার দিকে আনু মিয়া (৩৫) নামে অপর এক জেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ভোরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন তিনি।
এমকে





