মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ কর্মী রাজন খান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শহরের খানপাড়া এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের পিটিআই স্কুলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন ওহাব খান, কামরুল নাহার, শারমিন আক্তার, সেমিল খান প্রমুখ।
এলাকাবাসী অভিযোগ করেন, মীর সাঈদ অস্ত্র ও মাদক মামলায় ৪১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে শহরের ঋষিপাড়ায় হিন্দুদের মন্দির দখল করে বাড়ি করেছে। এছাড়া রামনগরে হিন্দুদের ৮ একর জমি অবৈধভাবে দখল করে ইটভাটা করেছে। সড়ক ও জনপদের জায়গা দখল করে পিটিআই এলাকায় অবৈধ মার্কেট করেছে। সে ও তার বাহিনী বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতন চালিয়েছে। তাদের অত্যাচারে বাহিনীর অত্যাচারে ঋষিপাড়া ও রামনগর এলাকায় অসংখ্য হিন্দু পরিবার বসতবাড়ি ছেড়ে ভারত চলে গেছে।
সমাবেশে বক্তারা রাজন খানকে হত্যার জন্য মীর সাইদ ও তার বাহিনীকে অভিযুক্ত করে অবিলম্বে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
গত ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসীরা জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রাজন খানকে কুপিয়ে হত্যা করে।
জেআই





