দেশে প্রথমবারের মতো ‘ভূমি উন্নয়ন কর প্রদান করুন, জমির মালিকানা নিরাপদ রাখুন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ভূমি উন্নয়ন কর মেলা-২০১৬ চট্টগ্রামে শুরু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) চান্দগাঁও সার্কেল ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজবাহ উদ্দিন।
ভূমি উন্নয়ন কর আদায় সহজীকরণ এবং দ্রুততার সাথে কর আদায় নিশ্চিত করার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-ভূমি সংস্কার কমিশনার মোকসেদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবদুল জলিল এসময় উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গণে প্রথম দিন থেকেই ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। মেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের পাশাপাশি নামজারী আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।
মেলায় জেলা প্রশাসক ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ভূমি সহকারী কর্মকর্তাদের দক্ষতার ভিত্তিতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তিনি ভবিষ্যতে এ ধরনের আরো আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান।
ওএফ





