রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে কৃষক লীগ নেতা ২৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিসুর রহমান ইদ্রিস (২৬) বোমা হামলায় নিহত হয়েছেন। আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শিরা সাংবাদিকদের জানান, রোববার বিকেলে ইসলামবাগ ইদগাহ ময়দানের পাশে আওয়ামী লীগের নেতা হাজী সেলিমের নেতৃত্বে একটি সালিশ বৈঠক চলছিলো। এসময় দুর্বৃত্তরা সেখানে বোমা হামলা চালায়। এতে ইদ্রিস মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বোমা হামলায় আরো আহত হয়েছেন; কৃষক লীগের সহসভাপতি মনির হোসেন (৩২), মিজানুর রহমান (৪০), মিজান (৩৫), মুজিবুর (৩৫), নুরুজ্জামান (৩০) এবং মোসলেম (৩০)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, স্থানীয় দুটি বিবদমান পক্ষের মধ্যে সমেঝোতার উদ্দেশে এই সালিশ বৈঠক বসে। বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটলেও হাজী সেলিম অক্ষত ও সুস্থ্য আছেন।
সন্ধ্যার দিকে হাসপাতালে আহতদের দেখতে এসে হাজী সেলিম সাংবাদিকদের বলেন, মূলত বিবাদী পক্ষ এই হামলা চালিয়েছে বলে মনে করছি। আমার এলাকার কাউকে আমি দোষারোপ করব না। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ-ছাত্রলীগ সবাই আমরা।
একে/জেএ





