গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার কুমারখাদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুলের বাড়ি গাজীপুরের বনগ্রাম এলাকায়। বন্দুকযুদ্ধের সময় র্যাবের দুই সদস্য এসআই নাসির (৩৫) ও নায়েক আবুল হোসেন (৪৫) আহত হয়েছেন।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, রাতে ভাওয়াল জাতীয় উদ্যোনের কাছে র্যাবের একটি দল টহল দিচ্ছিল। টহলের এক পর্যায়ে র্যাবের দলটি কুমারখাদা এলাকায় পৌঁছলে অস্ত্রধারী সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে।
এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, ‘নিহত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পেটে গুলির আঘাত রয়েছে।’
এমকে





