মাগুরা সদর উপজেলার রাউতড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া জেলা সদরের সাচানি গ্রামের রহিম বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সকালে রাউতড়া এলাকায় ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় রাস্তার পাশ দিয়ে যাওয়া বাইসাইকেল চালক জাকারিয়া ও সামিরুলসহ চারজন গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর জাকারিয়ার মৃত্যু হয়। আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
কেএইচ





