চট্টগ্রামের আনোয়ারায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় নগর পুলিশ কমিশনারের দেহরক্ষীসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের কারাগারে পাঠানো হয়।
এছাড়া অভিযুক্তদের সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ যে-ই করুক কোনো ছাড় নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আনোয়ারার বৈরাগ গ্রামের আব্দুল মান্নান বাদী হয়ে ৬ পুলিশ সদস্যের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
৬ পুলিশ সদস্য হলেন- নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেহরক্ষী কনস্টেবল মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের উপকমিশনার গোয়েন্দা (পশ্চিম) মনজুর মোরশেদের দেহরক্ষী কনস্টেবল মো: মাসুদ, নগরের দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত কনস্টেবল শাকিল খান ও এস্কান্দর হোসেন, নগর পুলিশের সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর কনস্টেবল মনিরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) কর্মরত কনস্টেবল আবদুল নবী।
এমবি





