ঈদুল আযহার নামাজ আদায় করতে ঈদগাহ মাঠের দিকে হাটতে শুরু করেছে ধর্মপ্রাণ সাধারন মানুষ।
নতুন পায়জামা-পাঞ্জাবী, মাথায় টুপি, হাতে জায়নামাজ আর গায়ে আতর-গোলাপের সুগন্ধি মেখে ছুটছে নামাজ আদায় করতে।
এ যেন প্রাণের উচ্ছ্বাস। এ যেন মহা মিলন মেলায় মিলতে চলছে সবাই।সকাল ৭টা হতেই এই পদচারণা শুরু হতে দেখা গেছে।
সোমবার পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার ২টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হলে সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও রাজধানীর বিভিন্ন মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে বিভিন্ন সূত্রে জানাগেছে।
কেএ/ এআর





