সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম আবদুল মালিক (৫৫) বলে জানা যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এতে আরো ১০জন আহত হন।
শনিবার ভোরে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও পশ্চিমপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল মালিক নন্দিরগাঁও পশ্চিমপাড়া গ্রামের মছদ্দর ওরফে মশাহিদ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, নন্দিরগাঁও পশ্চিমপাড়ার মাওলানা তবারক আলীর ছেলে দুলু মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাছগাম গ্রামের লোকজনের অর্থ সংক্রান্ত বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে ওই গ্রামের লোকজন দুলুর গ্রামের আবদুল মালিকের কয়েকটি গরু ধরে নিয়ে যায়।
এই ঘটনার প্রেক্ষিতে শনিবার ভোরে এ ব্যাপারে নন্দিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে দুলুর সঙ্গে আব্দুল মালিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলু মিয়া বাড়িতে গিয়ে তার লোকজন নিয়ে আব্দুল মালিকের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই আবদুল মালিক মারা যান। এছাড়া আহত হন গ্রামের অন্তত আরো ১০জন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) খায়রুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি আব্দুল হাই।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





