ঝিনাইদহে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে। এদিকে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে জেলা বিএনপি শহরের আরাপপুরে সমাবেশ ও মিছিল করে। এ সময় সেখানে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল ইলাম পিন্টু, জেলা বিএনপির নেতা আব্দুল মজিদ, জেলা যুবদলের নেতা মীর ফজলে এলাহী শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে শুক্রবার ভোরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে ঝিনাইদহ সদরের এক বিএনপিকর্মী, শৈলকূপায় চার বিএনপিকর্মী ও তিন জামায়াতকর্মী এবং কোটচাঁদপুরের এক জামায়াতকর্মী রয়েছেন। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কেএইচ