কমপক্ষে ১৫টি বাস ভাঙচুর করেছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে পুরান ঢাকায় এ ভাঙচুর করা হয়।
কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি তানজীল পরিবহনে কলেজের শিক্ষার্থীদের হাফ পাস (অর্ধেক ভাড়া) বাতিল করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে কলেজের সামনে দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
পুরান ঢাকার আজমেরী গ্লোরি পরিবহনের লাইনম্যান আব্দুর রহিম ও নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বাসের একাধিক সুপারভাইজার বলেন, শনিবার থেকেই কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের রাস্তায় বাস চলাচলে বাধা দেন। এ সময় তারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন।
পরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করে তারা বাস ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীরা আজমেরী গ্লোরির ৯টি, তানজীল পরিবহনের ৩টি, ভিক্টর পরিবহনের ১টি ও ৭ নম্বর বাসের ২টি বাস ভাঙচুর করেন বলে জানান তারা।
এ ব্যাপারে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বলেন, চলতি বছরের শুরুতে কবি নজরুল কলেজের একজন শিক্ষার্থী বাস চাপায় মারা যান। কলেজের সামনে অবৈধ বাসস্ট্যান্ড থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বাস চলাচল বন্ধ করে দেওয়ার পরও বাস চালকরা না মানলে ভাঙচুরের ঘটনা ঘটে।
কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, কবি নজরুল কলেজের সামনেই অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠেছে। চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও হয়েছিল।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





