খুলনায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে প্রতিটি ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টায় অনুষ্ঠিত বিভাগের প্রধান জামাতে নগরীর টাউন জামে মসজিদে সবচেয়ে বেশি মুসল্লি সমাগম হয়েছে।
এ জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
এ ঈদ জামাতে অংশগ্রহণ করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন ঈদগাহ, মাদ্রাসা, কলেজ বিশ্ববিদ্যালয় মাঠসহ নগরীর ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করে কুশল বিনিময় করেন।
খুলনা বিভাগের প্রধান জামাত নগরীর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়।
এমকে





