রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতে ইসলামীর সেক্রেটারি মঈনুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মঈনুল হোসেন বাদুড়িয়া গ্রামের আবদুল মাজেদের ছেলে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, জামায়াত নেতা মঈনুল হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে নিজ বাড়িতে আসেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, জামায়াত নেতা মঈনুল হোসেনের বিরুদ্ধে ৫ জানুয়ারি নাশকতার বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে তিনি পলাতক ছিলেন। দুপুরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এআর