দিনাজপুরে ট্রাক চাপায় অজ্ঞাত (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী।

মঙ্গলবার রাত পৌনে একটার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়ার সময় বালাপাড়া নামক এলাকায় দুইজন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অপর একজন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

এসআই আব্দুর রহিম আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি উল্লেখ করে এসআই আব্দুর রহিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও আটক ট্রাকটিকে ফুলবাড়ী থানায় নিয়ে যাওয়ার প্রস্ততি চলছে।

এমকে