লক্ষ্মীপুরে সাত শিবিরকর্মীকে মারধর করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা শহরের মমিন উল্যা হাউজিং কলোনির একটি মেস থেকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মারধর করে পুলিশে দেন ছাত্রলীগ কর্মীরা।

আটকরা হলেন- হোসেন আহম্মদ, সরোয়ার জাহান রাজু, নাছির উদ্দিন, ইমরান হোসেন, মো. মানিক হোসেন, মো. মাহফুজুর রহমান ও সাব্বির হোসেন। তারা সবাই লক্ষ্মীপুর সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মীর শাহাদাত হোসেন রুবেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা লক্ষ্মীপুর সরকারি কলেজের পাশে অবস্থিত শহরের মমিন উল্যা হাউজিং কলোনির একটি ভবনে ছাত্রশিবিরের মেস বাসায় হানা দেয়। এ সময় শিবিরের সাত নেতাকর্মীকে মারধর করার পর পুলিশে সোপর্দ করা হয়। হামলায় শিবিরকর্মী সাব্বির হোসেনের মাথা ফেটে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন সাত শিবিরকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই