লকডাউনে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা।

বুধবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজার, খিলক্ষেত, মিরপুর, জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ করে।

এসময় তারা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শেয়ারে বাইক চালক বা রাইডারদের অভিযোগ, মোটরসাইকেলে দুইজন চলতে তাদের বাধা দেওয়া হচ্ছে। পুলিশ মামলা দিয়ে হয়রানি করছে। এই কারণে নিষেধাজ্ঞা তুলে দিতে বিক্ষোভ করেছে বাইক চালকরা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান বলেন, তারা বেশ কিছু দাবি দিয়ে বিক্ষোভ করেছে। তাদের দাবি আমরা শুনেছি। তবে তারা বেশিক্ষণ সড়কে অবস্থান করেননি। আধাঘণ্টা থেকে চলে গেছেন।

করোনানাভাইরাসের বিস্তার ঠেকাতে এক সপ্তাহের লকডাউন জারির পর রাইড শেয়ারিংয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে বুধবার থেকে মানুষের দুর্ভোগ এড়াতে ঢাকাসহ বড়ু শহরগুলোতে থেকে গণপরিবহন চালুর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।