ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে এনামুল (২৫) ও হাসান (১৮)নামে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার সন্ধ্যা সাড়ে আটটার দিকে সীমান্তের ৩৬৭ নম্বর মেইন পিলার এলাকা থেকে ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে ১২১ , ফুলবাড়ি বিএসএফ তাদেরকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল ঐ উপজেলার মুন্নাটুলী ইউপি’র ডাঙ্গী গ্রামের নুর ইসলামের এবং হাসান একই গ্রামের ইসমাইলের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কয়েক মাস আগে ভারতের কাশ্মীরে যায় এবং ফিরে আসার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পেরে বিএসএফ’র হাতে আটক হয়।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার কোন এক সময়ে আটককৃতদের মুক্তির ব্যাপারে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ’র কাছে চিঠি দেয়া হয়েছে।
এসএইচ





