কুমিল্লার চান্দিনায় দুইটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ দুই জন নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হলের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আলী আহাম্মদের ছেলে অহিদুল ইসলাম (২৬) ও একই জেলার দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫)।

স্থানীয়রা জানায়, চালক অহিদ তার অটোরিক্সায় গ্যাস নিতে পাম্পে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় মালবাহী একটি ট্রাক অহিদ এর সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে চালকসহ এক যাত্রী মারাত্মক আহত হয়।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণ করে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) মাশরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ও অপর সিএনজিটি পালিয়ে যায়। তবে অহিদের সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহতদের স্বজনরা হাসপাতাল থেকেই তাদের লাশ বাড়ি নিয়ে যায়।

এআই