ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যরা। ক্যামেরা নিয়ে প্রবেশ করতে না পারায় বেসরকারি টিভি চ্যানেলগুলো ভোটকেন্দ্রের দৃশ্য সরাসরি সম্প্রচার করতে পারছে না।
নির্বাচন কমিশনের দোহাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের যে পাস কার্ড দেওয়া হয়েছে তার পেছন নির্দেশাবলীতে লেখা আছে এই অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয়। এই কার্ডের বাহক ভোটদানের গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। এই কার্ডের বাহক ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের নির্দেশ মেনে চলবেন। এই কার্ডের বাহক পর্যবেক্ষণ নীতিমালা ও আচরণ বিধি মেনে চলবেন।
কিন্তু যাত্রাবাড়ী এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ নির্বাচন কমিশনের সরবরাহকৃত কার্ডের এ নির্দেশাবলী আমলে নিচ্ছেন না। তারা প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করার সুযোগও দিচ্ছেন না। ফলে বিপাকে পড়েছে সাংবাদিকরা।
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের লাইভ করতে দেওয়া হচ্ছে না। ছবি তুলতেও নিষেধ করা হচ্ছে।
এদিকে মিরপুর ১৩ নং ওয়ার্ড- এ বিরোধীদল সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ্যাডভোকে এনায়েত হোসেন (কাটা চামচ প্রতিক)- এর ২৯ জন এজেন্টকে গেফতার করেছে পুলিশ।
কাউন্সিলর প্রার্থী এ্যাডভোকেট এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, মনিপুর স্কুল থেকে ১২ জন, ফুলকি স্কুল থেকে ৫ জন এবং ভিক্টোরিয়া স্কুল থেকে ১২ জন, সর্বমোট ২৯ জন এজেন্টকে সম্পূর্ণ বেআইনীভাবে আটক করেছে পুলিশ।
কেএইচ





