ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামে নিখোঁজের পরদিন এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাহাদ মিয়া (১৭) ওই গ্রামের হাদিস মিয়ার ছেলে। সে স্থানীয় আওলিয়া মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুুলিশ। এর আগে শুক্রবার বিকালে ওই গ্রামে নির্মাণাধীন একটি ঘরের ভিটিতে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ পাশের বাড়ির মা ও ছেলেকে গ্রেফতার করেছে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, বৃহস্পতিবার রাতে রাহাদ মিয়া পাশের বাড়ির মোস্তাকিনের সঙ্গে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় রাহাদের বাবা-মা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের বাড়ির মোস্তাকিন (১৬) ও তার মা মহিমা বেগমকে (৪০) আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে পাশের বাড়ির গোলাম আহম্মেদের নির্মাণাধীন ঘরের ভিটিতে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয়। এবং তাদের গ্রেফতার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

এআই