গাজীপুরের কালিয়াকৈরের হ্যাচং বিডি লিমিটেড পোশাক তৈরি কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ওভার টাইম কাজ করানো ও বিল প্রদানের দাবিতে ওই কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের ৫ম দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাচং বিডি লিমিটেড নামের পোশাক তৈরি কারখানার শ্রমিকরা ঈদের পর কাজে যোগ দিয়ে মজুরি ও ওভার টাইম বিল প্রদানসহ ৮ দফা দাবিতে রোববার থেকে বিক্ষোভ চালিয়ে আসছেন। মালিকপক্ষ দাবি মেনে না নেয়ায় ১১ দফা দাবিতে এদিন দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ