চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারত সীমান্তে সকাল পৌনে ১০টায় বারাদী বিওপির মেইন পিলারের ৮০/৪৫-টি শূন্যরেখার কামারপাড়ায় দু’দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোনো বাংলাদেশী ও ভারতীয় সীমান্ত পারাপার না হওয়ার ব্যাপারে আলোচনা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ জানান, তার ও ভারতের বিএসএফ-১১৪ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট সুরেশ কুমারের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে ভারতীয় নাগরিকের মাধ্যমে মেইন পিলার ৮০/৪৫-টি এর কাছে শূন্য লাইনে নির্মিত পাম্প হাউসটি চালু করার জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যৌথ পরিদর্শন করা হয়। পাম্প হাউসটি বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত হওয়ায় সেটি চালু করা যাবে না ও বিষয়টি নিষ্পত্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়।

পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেআই